গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী পেতে যাচ্ছে কক্সবাজার
Friday, February 13, 2026
বিশেষ প্রতিবেদক,ঢাকা:
পূর্ণ মন্ত্রী শুধু নয় গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কক্সবাজার ১ আসনের এবারসহ ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
এর আগে তিনি ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
স্বাধীনতার পর কক্সবাজার থেকে তিনিই প্রথম মন্ত্রী হন। স্বাধীনতার আগে সাবেক সংসদ সদস্য খালেকুজ্জামান ও সহীদুজ্জামানের পিতা ফরিদ আহমদ ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় শ্রম মন্ত্রী। কক্সবাজার থেকে স্বাধীনতার পর প্রথম মন্ত্রী হন সালাহউদ্দিন আহমদ।
আওয়ামীলীগ সরকারের আমলের শেষ দিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় হুইপ হিসেবে নিয়োগ পান সাইমুম সরওয়ার কমল। তবে হুইপের কর্মপরিধি ছিলো সংসদ কেন্দ্রীক।
এবার কক্সবাজার জেলার কোনো সন্তান প্রথম পূর্ণ মন্ত্রীর পদ মর্যাদায় অধিষ্ঠিত হবেন কক্সবাজার চকরিয়া পেকুয়ার সংসদ সদস্য সিংহ পুরুষ খ্যাত সালাহউদ্দিন আহমদ।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন এবং দলের জন্যে যার পর নাই পরিশ্রম ও ত্যাগের ফল হিসেবে সালাহউদ্দিন আহমদ কেবল পূর্ণ মন্ত্রী নয় অতি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছে বিএনপির বিভিন্ন সূত্র থেকে।
শুক্রবার সকালে তিনি আকাশ পথে ঢাকার উদ্দেশ্য কক্সাবাজার ছাড়েন। কক্সবাজার বিমানবন্দরে তাঁকে বিদায় জানান নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের নেতাকর্মীরা।
জেলা বিএনপির এক নেতা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ বিমানবন্দরে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। তিনি বলেন, আমাদের নেতা ঢাকায় গেলেন, এবার পুরো জেলাবাসীর অপেক্ষা সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের মানুষের জন্যে কি সুসংবাদ দেবেন।



