টেকনাফ সীমান্তে ইতিহাসের ‘বৃহত্তম’ ইয়াবার চালান জব্দ, আটক ২

আর.জে রাফি, কক্সটিভির প্রতিনিধি :: টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪২ কোটি টাকা মূল্যের আনুমানিক ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই চোরাকারবারী আটক করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলার সুইচ গেট সংলগ্ন এলাকায় ৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের বিশেষ টহল দল অভিযান চালিয়ে এ চালানটি উদ্ধার করে। বিজিবি জানায়, জেলের ছদ্মবেশে নৌকাযোগে ইয়াবার চালানটি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল চোরাকারবারীরা। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করার পর নৌকায় তল্লাশি চালান। এ সময় পানির নিচে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ভাসমান বস্তা থেকে ১৪০টি কার্টনে মোড়ানো ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির দাবি, একক অভিযানে উদ্ধার হওয়া এটিই এযাবৎকালের সর্ববৃহৎ ইয়াবার চালান। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬৪ বিজিবি প্রায় ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবাসহ ২৪৩ জনকে আটক করেছে।