পরিবেশ-প্রতিবেশ রক্ষার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমনে সরকারের জারি করা শর্তাবলী পর্যটন শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের নিশ্চিকরণ সাপেক্ষেই জাহাজ চলাচলের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
এদিকে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের দীর্ঘসূত্রিতার কারণে আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না বলে তথ্য দিয়েছেন, পর্যটকবাহী জাহাজ মালিক সংগঠনের সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট ও সুগন্ধা পয়েন্টস্থ দি সী প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে পর্যটন ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।
সভা শেষে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, সেন্টমার্টিন ভ্রমনে সরকারের জারি করা শর্তাবলী যাতে কোনভাবেই ব্যতয় ঘটার সুযোগ তৈরী না হয়- এলক্ষ্যে ট্যুরিজম বোর্ড সহ সংশ্লিষ্টরা তৎপর রয়েছে। পরিবেশ-প্রতিবেশ রক্ষা সহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পর্যটন সংশ্লিষ্ট অংশীদনদের মধ্যে সচেতনতা তৈরী করতেই মতবিনিময় সভাটি অনুষ্টিত হয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমনে ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট পর্যটকদের নিবন্ধনের জন্য খুলে দেয়া হবে বলে জানান তিনি।
এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে জাহাজ চলাচলের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতার কারণে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন, সী ক্রুজ অপারেটর অনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি বলেন, চলতি মৌসুমে ইতিমধ্যে সেন্টমার্টিন যাতায়তের জন্য নৌ-পরিবহন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে ৩ টি জাহাজ চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। আরও ৭ টির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে অনুমোদনপ্রাপ্ত জাহাজটি চলাচলের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাখাও হয়েছে। এবছর থেকে জাহাজ চলাচলের জন্য সরকার পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেয়া বাধ্যবাধতামূলক করেছে।
বৃহস্পতিবার অনুমোদনপ্রাপ্ত ৩ টি জাহাজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেও আনুষাঙ্গিক কিছু দাপ্তরিক কাজ বাকি রয়েছে তথ্য দিয়ে জাহাজ মালিকদের এ নেতা বলেন, অন্যান্য কাজগুলো সম্পাদন করতে ৩ থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তাই এর আগে সেন্টমার্টিনগামী জাহাজ চালু করা সম্ভব হবে না।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম ) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ের পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, ট্যুরিজম বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



