উখিয়ায় গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণে রাখবে বাপেক্স



আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তারা।


শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পরিদর্শন শেষে বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির জানান, এলাকায় গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে না এনে ১৫ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।


এই সময়ের মধ্যে গ্যাসের চাপ ও আগুনের তীব্রতা কমে না এলে পরবর্তী সময়ে উপযুক্ত পদ্ধতিতে গ্যাসের নির্গমন বন্ধের উদ্যোগ নেওয়া হবে। দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।