কক্সবাজারের সুগন্ধা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মহিউদ্দিন শরীফ গ্রেফতার
Saturday, October 03, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
চট্টগ্রামের চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পলাতক আসামি মো: মহিউদ্দিন শরীফ(২৬)’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রাম)। অদ্য শনিবার (০৩ অক্টোবর) মধ্যরাত আনুমানিক ০০:১৫ ঘটিকায় কক্সবাজার পৌরসভার সুগন্ধা বীচ সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অদ্য ০৩ অক্টোবর ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫, কক্সবাজার এবং এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি চৌকস যৌথ আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা বীচ এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুগন্ধা বীচ এলাকার কাসুন্দি হোটেল এলাকা থেকে বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফ’কে আটক করতে সক্ষম হয় যৌথ দলটি। গ্রেফতারকৃত মো: মহিউদ্দিন শরীফ(২৬) চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা (মৌলভীবাজার, ৯নং পুল, মধ্যম মোহরা, ভোলা খলিফার বাড়ি) এলাকার মৃত নাছের এর ছেলে।
গ্রেফতারকৃত মো: মহিউদ্দিন শরীফের বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসতে এসআরবি-১৫ এর এমন সাঁড়াশি অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।



