মাইন বিস্ফোরণে পা হারানো বদি আলমকে জীবিকার জন্য টমটম উপহার দিলেন সরোয়ার



শফিউল শাহীন, কক্সটিভি

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের জুমেরছড়ার বাসিন্দা ও যুবদল কর্মী বদি আলম মাইন বিস্ফোরণে একটি পা হারিয়ে অসহায় হয়ে পড়েন। তাঁর জীবিকা নির্বাহের পথ সুগম করতে একটি টমটম গাড়ি উপহার দিয়েছেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী।


গতকাল (মঙ্গলবার) সরোয়ার জাহান চৌধুরী নিজেই বদি আলমের হাতে টমটম গাড়ির চাবি তুলে দেন। এ উদ্যোগের মাধ্যমে বদি আলমের স্বাবলম্বী হয়ে ওঠার পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


শারীরিক প্রতিবন্ধকতা যেন বদি আলমের জীবিকা নির্বাহের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই তাঁকে এই গাড়ি উপহার দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি নিজের উপার্জনের ব্যবস্থা করে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়ার এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।