কক্সটিভি প্রতিবেদক:::
ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার স্ত্রী মোসা. রত্না (৩৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহত স্বামীর নাম মো. হারুন (৩২)।
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর আশুলিয়া থানার মরিচকাটা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে হারুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা বেগম বাদী হয়ে হারুনের স্ত্রী রত্নাকে আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ নভেম্বর আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় তার কাছ থেকে নিহত হারুনের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পিবিআইয়ের পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে গত ৩১ অক্টোবর রাতে তাদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরদিন ১ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে হারুন ঘুমিয়ে থাকা অবস্থায় রত্না শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয় বলে জানায় পিবিআই। হত্যার পর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান অভিযুক্ত স্ত্রী।
এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পিবিআই।



