আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। আহত নুরুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমিন একটি বাজার থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের অভিযোগ, স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। হামলায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত কয়েকজনও জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
আহত নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্নার দাবি, তাঁর ভাইয়ের কাছে ব্যবসার ২০ লাখ টাকা ছিল। ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলা চালানো হয়। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
হামলার পর স্থানীয়রা নুরুল আমিনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে হামলার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী, থাইংখালী ও উখিয়া সদরসহ অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বলেন, নুরুল আমিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর্মড পুলিশ ব্যাটালিয়নও (এপিবিএন) অভিযান চালাচ্ছে।
ওসি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।



