আর.জে রাফি কক্সটিভি উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় অপহরণের ১০ দিন পর মুজিবুর রহমান নামে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের মধ্যবর্তী নুনিয়ারছড়ার গহিন পাহাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অপহরণের পর মুজিবুরের মুক্তির বিনিময়ে টাকা দাবি করেছিল দুর্বৃত্তরা।
মুজিবুর রহমান উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের বাসিন্দা ছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের ভাষ্য, গত ২৩ অক্টোবর পালংখালী এলাকায় একটি ইজিবাইকের গতিরোধ করে মুজিবুরকে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। পরে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর মুক্তির জন্য টাকা দাবি করা হয়। টাকা না দিলে মুজিবুরের ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে স্বজনদের অভিযোগ।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জকে লিখিতভাবে জানানো হয়। পাশাপাশি উখিয়া থানায়ও অভিযোগ করা হয়।
পুলিশ জানায়, সোমবার পাহাড়ি জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পরে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, পাহাড়ি জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করেছে। এ ঘটনায় কারা জড়িত এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।



