সোনাদিয়ায় কটেজে নারী পর্যটকের প্রতি যৌন নিপীড়নের অভিযোগে আটক ২

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পূর্ব পাড়ায় এক নারী পর্যটকের প্রতি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাগু মেম্বারের ছেলে রাকিবের মালিকানাধীন একটি কটেজে অবস্থানকালে ওই নারী নিপীড়নের শিকার হন। ঘটনার একপর্যায়ে ভুক্তভোগী নারী মোবাইল ফোনে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ বিষয়টি অবগত হয়। এরপর পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহায়তা কামনা করে। ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, পুলিশের অনুরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা যৌথভাবে অভিযান চালিয়ে কটেজ থেকে দুইজনকে আটক করেন এবং পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই সময় নিপীড়নের শিকার নারীকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তাকে বলপূর্বক মাদক সেবনে বাধ্য করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানিয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি এখনো দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর থেকে সোনাদিয়া দ্বীপ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ কটেজের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।