কক্সবাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা
Friday, February 20, 2026
নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার শহরের ঘুন গাছতলাসহ বিভিন্ন এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের সঠিক সংরক্ষণে অবহেলা এবং ভোক্তা অধিকারবিরোধী নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ তদারকি চালানো হয়েছে। ভবিষ্যতে অনিয়ম অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও ভোক্তা প্রতারণা রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নজরদারি আরও জোরদার করা হবে।



