বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

 


কক্সটিভি প্রতিবেদক::

সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: উইকিপিডিয়া থেকে নেওয়া


দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ।



আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তথ্য নিশ্চিত করেছে।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম রোববার (১৮ অক্টোবর) শেখ আব্দুল হান্নানকে বিষয়টি নিশ্চিত করেন।


ইন্টারপোলের মেইলে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর শেখ আব্দুল হান্নানকে কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে।


এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।


প্রথম মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।


দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে এবং তাকে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকে অভিযুক্ত করা হয়েছে।


এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।


শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন এই পদ থেকে অবসরে যান।