এ বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের জন্য ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর ঘোষণা করা হয়েছে। এ বছর মাথাপিছু সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার চূড়ান্ত করা হয়। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা সভায় উপস্থিত ছিলেন। সভায় দেশের বাজারদর বিশ্লেষণ করে আটা, খেজুর, কিসমিস, পনির ও যবসহ বিভিন্ন খাদ্যপণ্যের বর্তমান মূল্য বিবেচনা করে হার নির্ধারণ করা হয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী আটা দিয়ে ফিতরা দিলে ১ কেজি ৬৫০ গ্রাম বা ১১০ টাকা দিতে হবে। উন্নত মানের খেজুর, কিসমিস, পনির বা যব দিয়ে ফিতরা দিলে সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা। মুসলমানরা পছন্দমতো কোনো একটি পণ্য বা তার সমপরিমাণ অর্থ দিয়ে ফিতরা দিতে পারবেন। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা ওয়াজিব।