কমেছে এলপি গ্যাসের দাম নতুন দাম ১ হাজার ৩৪১ টাকা

কক্সটিভি প্রতিবেদক:: ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে। এখন থেকে এই সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৩৪১ টাকায়, যা আগে ছিল ১ হাজার ৩৫৬ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বিইআরসি। তবে সংস্থাটি জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ হারে মূসক আরোপ করায় দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারের অস্থিরতা কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করেছে এনবিআর। কমিশনের আদেশ অনুযায়ী, বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম মূসকসহ ১১১ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে বিভিন্ন সিলিন্ডারের দাম হলো: ১২ কেজি সিলিন্ডার: ১,৩৪১ টাকা (আগে ছিল ১,৩৫৬ টাকা) সাড়ে ৫ কেজি সিলিন্ডার: ৬১৫ টাকা ১৫ কেজি সিলিন্ডার: ১,৬৭৭ টাকা ৪৫ কেজি সিলিন্ডার: ৫,০৩১ টাকা এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত এলপিজির দাম মূসকসহ প্রতি কেজি ১০৮ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল। রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রীরাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এনবিআর-এর ভ্যাট ও কর সমন্বয়ের ধারাবাহিকতায় এবার মাসের মাঝপথেই এই নতুন দাম ঘোষণা করা হলো।