রামুতে পুলিশের বড় অভিযান: ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ বৃদ্ধা গ্রেফতার

রামু প্রতিনিধি:: কক্সবাজারের রামুতে এক বিশাল মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ, ২০২৬) বিকেলে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন থেকে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবাসহ মাবিয়া বেগম প্রকাশ আমেনা (৬৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে একটি চৌকস টিম জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালায়। বিকেল ৩:৩০ মিনিটে মৃত আক্তার কামালের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লক্ষ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাবিয়া বেগম (৬৫) ওই এলাকার মৃত আক্তার কামালের স্ত্রী। ইয়াবাগুলো উদ্ধারের পর তাকে তাৎক্ষণিক গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রামু থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের এই বিশাল চালানের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।