কক্সবাজারে কবরে রহস্যময় আগুন: আতঙ্কে এলাকাবাসী

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে একটি কবরের ওপর দইয়ের হাঁড়ি রেখে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দিবাগত রাত ২ টার দিকে ইউনিয়নের ডালারমুখ এলাকার একটি কবরস্থানে অজ্ঞাত কয়েকজন লোক এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছে বলে জানিয়েছে স্থানীয় রিদুয়ান আলম নামের যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে কবরস্থানের একটি কবরের ওপর দইয়ের হাঁড়ি বসিয়ে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ স্থানীয়দের দাবি, এটি কোনো সাধারণ ঘটনা নয়; বরং কালো জাদুর অংশ হিসেবে কোনো চক্র এই অপকর্মটি করেছে। কবরের ওপর এ ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে স্থানীয়দের মনে ভীতি জেঁকে বসেছে। এলাকাবাসীর মতে, কুসংস্কারচ্ছন্ন কোনো চক্র যাদুবিদ্যার উদ্দেশ্যে এমন বিকৃত পথ বেছে নিয়েছে। ধর্মীয় পবিত্রতা নষ্ট ও জনমনে আতঙ্ক তৈরি করা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের দাবির পাশপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।