উপসাগরীয় নেতাদের সঙ্গে ফোনালাপ, সতর্ক করলেন পুতিন

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট পরিস্থিতি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২ মার্চ) পারস্য উপসাগরীয় অঞ্চলের চার গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে ফোনালাপে এ সতর্কতার কথা জানান রুশ প্রেসিডেন্ট। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে পুতিনের আলোচনার পর ক্রেমলিন জানিয়েছে, ‘উভয় পক্ষই সংঘাতের পরিধি বিস্তৃতির প্রকৃত ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই সংঘাত ইতিমধ্যে বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে প্রভাবিত করেছে এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে।’ পুতিন এই ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি’ মোকাবিলায় কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, সৌদি যুবরাজ বলেন যে ইরান এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে মস্কো এখানে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রাশিয়া বারবার মার্কিন ও ইসরায়েলি হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে আসছে। পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, ‘উভয় পক্ষই শত্রুতা বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’ কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনার বিষয়ে ক্রেমলিন জানায়, উভয় নেতা ‘মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং এতে তৃতীয় কোনো দেশ জড়িয়ে পড়ার বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’ এছাড়া রুশ প্রেসিডেন্ট বাহরাইনের রাজার সঙ্গেও কথা বলেছেন।