মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে কারের ধাক্কায় নজির আহমদ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজির আহমদ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহতের ছেলে মোহাম্মদ ইউনুস জানান, তার বাবা বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ভাড়া চালিত ‘দুয়েল’ কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌম নাথ জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।