পর্যটকদের সেবায় কক্সবাজার সমুদ্র সৈকতে ৫০ জন ভলেন্টিয়ার দিয়েছে ট্যুরিজম বোর্ড

আহসান সুমন, কক্সবাজার :: কক্সবাজার সমুদ্র সৈকতে ৫০ জন ভলেন্টিয়ার কাজ করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে তাদের নিয়োজিত করা হয়। আসন্ন ঈদের টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভলেন্টিয়ার কার্যক্রম বাস্তবায়নের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব দেয়া হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার বিকেলে পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁ বলরুমে ভলেন্টিয়ারদের নিয়ে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, চট্টগ্রাম রিজিওন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মোঃ বোরহান উদ্দিন বক্তব্য রাখেন। এসময় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের সদস্যগণ এবং ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি নুজহাত ইয়াসমিন বলেন, ইতিপূর্বে সৈকতে বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিলো, এ বছরে যেনো তেমন কিছু না হয় এবং পর্যটদের সার্বিক নিরাপত্তা ও তাদের ভ্রমণ আনন্দমুখর করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সমুদ্র সৈকতের তিন পয়েন্টে ৫০ জন ভলেন্টিয়ার কাজ করবে। তাছাড়া কক্সবাজার আগত পর্যটকরা টমটম চালক, ছিনতাইকারী, অসাধু ব্যবসায়ী দারা হয়রানির শিকারসহ যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় পর্যায়ক্রমে সেগুলোও সুন্দর সমাধানের আশ্বাস দেন তিনি।