উখিয়ায় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা

শফিউল শাহীন, কক্সটিভি:: কক্সবাজারের উখিয়ার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়-এ “যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে” স্লোগানকে সামনে রেখে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। সকাল বেলায় খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় অধিবেশনে সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য রফিক আহমদ সওদাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গুণীজনদের অবদানের কথা তুলে ধরেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় অংশ ছিল দুপুরের আপ্যায়ন ও সাংস্কৃতিক আয়োজন। রত্না পালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল চৌধুরীর সৌজন্যে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। খাবার পরবর্তী সময়ে স্থানীয় ও জাতীয় মানের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সব মিলিয়ে, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এ ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজকরা।