নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললো ইসরাইল
Sunday, March 15, 2026
মার্কিন-ইসরাইল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে পাল্টা জবাব দিয়েই যাচ্ছে ইরান। এরই মধ্যে ইরানের হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি ইরানি গণমাধ্যমেও এমন দাবি করে সংবাদ প্রকাশ হয়েছে। তিন-চারদিন ধরে ছড়িয়ে পড়া খবর নিয়ে অবশেষে মুখ খুলেছে উগ্র ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক সাংবাদিক যখন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহু নিহত’ হওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, এসব খবর ভুয়া। আমাদের প্রধানমন্ত্রী ভালো আছেন।
তবে সংশয়ও আছে এ বিষয়ে। কেননা নেতানিয়াহুর বেঁচে থাকার কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ৩ মার্চ সবশেষ নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা গিয়েছিল। এর মধ্যে প্রায় ১০দিন ধরে জনসম্মুখে আসেন না তিনি।
এদিকে গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। শুক্রবারের (১৩ মার্চ) এক ভিডিওতে নেতানিয়াহুর একটি বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল আছে বলে ধারণা করা হচ্ছে। পরে ওই ভিডিওটি এআই দিয়ে তৈরি করার সন্দেহ তার মৃত্যর গুঞ্জন আরও বাড়িয়ে তোলে।



