রামুর ওসিকে সরাতে ইয়াবা গডফাদার সিন্ডিকেটের কোটি টাকার মিশন
Saturday, April 11, 2026
বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় ওসিকে সরাতে কোটি টাকার মিশনে মাঠে নেমেছে শক্তিশালী একটি চক্র।
মাদক কারবারিদের টার্গেট এখন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া। অভিযোগ উঠেছে, তাকে পদচ্যুত করতে কোটি টাকার ‘মিশন’ নিয়ে মাঠে নেমেছে একটি প্রভাবশালী ইয়াবা সিন্ডিকেট।
জানা গেছে ইয়াবা কারবারিরা প্রকাশ্যে বলাবলি করতে শুনা যায়; “যে কোনো মূল্যে ওসিকে চেয়ার ছাড়া করতে হবে” এমন ঘোষণা দিয়ে সক্রিয় হয়েছে চক্রটি। ইতোমধ্যে তারা বিভিন্ন মহলে তদবির, গোপন লবিং এবং প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে। এমনকি প্রশাসনের ভেতর বিভ্রান্তি তৈরি ও জনমনে সন্দেহ ছড়াতে পরিকল্পিত অপপ্রচারও চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সূত্রগুলো আরও জানায়, সাম্প্রতিক সময়ে রামুতে একের পর এক ইয়াবা চালান উদ্ধার এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই সিন্ডিকেট। ফলে নিজেদের অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতে তারা এখন প্রশাসনের মূল নেতৃত্বকে সরিয়ে দেয়ার কৌশল নিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, এটি শুধু একজন পুলিশ কর্মকর্তাকে সরানোর বিষয় নয়, বরং মাদকবিরোধী চলমান অভিযানের গতিপথ থামিয়ে দেয়ার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। তাদের মতে, যদি এই ধরনের অপতৎপরতা ইয়াবা কারবারিরা সফল হয়, তবে পুরো এলাকায় মাদক ব্যবসা আবারও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথাও জানিয়েছে পুলিশ।
এদিকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা বলছেন, যারা মাদকবিরোধী লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত না করা গেলে এই লড়াই দুর্বল হয়ে পড়বে।
বিশ্লেষকদের মতে, রামুর বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে মাদকবিরোধী অভিযান এখন শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি একটি শক্তিশালী অপরাধচক্রের বিরুদ্ধে কঠিন লড়াই।
এ অবস্থায় প্রশাসনের দৃঢ়তা, স্বচ্ছতা এবং রাজনৈতিক সদিচ্ছাই হতে পারে এ সংকট মোকাবেলার একমাত্র পথ।
স্থানীয়দের জোর দাবি, কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে মাদকচক্রের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। অন্যথায়, কোটি টাকার এই অন্ধকার অর্থনীতির কাছে হার মানবে আইনের শাসন এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে রামুজুড়ে।
তবে এসব বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন ওসি মনিরুল।



