শনিবার বিদ্যুৎ থাকবে না উখিয়া-টেকনাফে
Friday, September 18, 2026
আর.জে রাফি, কক্সটিভি উখিয়া ::
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার গ্রিডের ১৩২/৩৩ কেভি ট্রান্সফরমারের লোড সাইডের HT Cable রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রিডের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় উখিয়া ও টেকনাফ উপজেলার পুরো এলাকা, খুনিয়াপালং ইউনিয়ন, রামু ক্যান্টনমেন্ট এলাকা এবং মেরিন ড্রাইভ-সংলগ্ন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ছয় ঘণ্টার এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের সাময়িক দুর্ভোগে পড়তে হতে পারে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎনির্ভর বিভিন্ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাজ চলাকালে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিস কর্তৃপক্ষ।



