উখিয়ায় পাহাড় কাটা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যারিস্টার সাফাত ফারদিন চৌধুরীর মন্তব্য, আলোচনা-সমালোচনা

কক্সটিভি প্রতিবেদক:: উখিয়া উপজেলায় পাহাড় কেটে ভবন নির্মাণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক মন্তব্যকে ঘিরে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যারিস্টার সাফাত ফারদিন চৌধুরী তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, উখিয়ায় রোহিঙ্গাদের জন্য পাহাড় কেটে পাকা ভবন নির্মাণকে “হালাল”, আর স্থানীয়দের জন্য “হারাম” হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও লেখেন, বনবিভাগ ভবিষ্যতে স্থানীয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে পাহাড় কেটে নির্মিত এসব ভবনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ সমালোচনা করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, উখিয়ায় পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস ও অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি দীর্ঘদিনের সমস্যা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও ন্যায়সঙ্গত পদক্ষেপ প্রয়োজন। তবে এ বিষয়ে বনবিভাগ বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিবেশবাদীরা বলছেন, পাহাড় কাটা ও বনভূমি দখল বন্ধে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা জরুরি।