মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কক্সটিভি প্রতিবেদক:: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রিয়াজ উদ্দিন। তিনি রামু উপজেলার পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মরহুম আজিম উদ্দিন মেম্বারের ছোট ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।