৪টি মামলায় ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে
Wednesday, April 01, 2026
শফিউল শাহীন, কক্সটিভি::
কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেলের মজুত ও বিক্রয়ে অনিয়মের অভিযোগে তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উখিয়া উপজেলা-এর বিভিন্ন এলাকায় অবস্থিত তিনটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের মজুত ও বিক্রয়ের রেজিস্টার যাচাই করা হয়।
কুতুপালংয়ের মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে মিটারে গরমিল পাওয়া গেলে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং যথাযথ নিয়মে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে পালংখালীর মেসার্স ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুতের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হলুদিয়া পালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তথ্য গোপন, অতিরিক্ত মজুত এবং মিটারে গরমিলের অভিযোগে দুটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৪টি মামলায় ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিএসটিআই প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল সংক্রান্ত অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং রাষ্ট্রীয় স্বার্থে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



