মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে কোটবাজারে সংঘর্ষ, আহত ৩; দুই যুবক পুলিশ হেফাজতে

শফিউল শাহীন, কক্সটিভি:: কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র কোটবাজারে মোবাইল ফোনের ফেইসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা রূপ নেয় সংঘর্ষে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় প্রতিপক্ষের রোষানল থেকে রক্ষা করতে দুই যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের পরপরই কোটবাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।