কারওয়ান বাজারে ২৪ ঘণ্টায় কোটি টাকার চাঁদাবাজি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজার। শত শত বছরের পুরনো এই সরাইখানা সময়ের বিবর্তনে আজ ঢাকার প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়েছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যসামগ্রী এখানে কেনাবেচা হয়, যা রাজধানীর খাদ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী, বাজারটির মূল আয়তন প্রায় ২৪ বিঘা। এই এলাকায় মাছ, শাকসবজি, ফলমূল, মসলা ও মুরগির জন্য পৃথক চারটি বিশেষায়িত মার্কেট রয়েছে। পাশাপাশি এখানে ২০০০-এরও বেশি দোকান পরিচালিত হচ্ছে, যেখানে প্রতিদিন হাজার হাজার ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম ঘটে। তবে বাস্তবে কারওয়ান বাজারের পরিসর এই ২৪ বিঘার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আশপাশের প্রধান সড়ক ও ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান ও স্টল। ফলে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক ধরনের অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, যা একদিকে যেমন ব্যবসার পরিধি বাড়িয়েছে, অন্যদিকে নাগরিক ভোগান্তিও বাড়িয়েছে। এই অনিয়ন্ত্রিত বিস্তারের সুযোগ নিয়ে গড়ে ওঠেছে সংঘবদ্ধ চাঁদাবাজির নেটওয়ার্ক। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাত ও সড়কের এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়। প্রতিদিন বা সাপ্তাহিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে বাধ্য করা হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের, যা অনেক ক্ষেত্রেই তাদের আয়ের একটি বড় অংশ কেড়ে নিচ্ছে।