উখিয়ায় পাচারের প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গা উদ্ধার, দালাল চক্রের সহযোগী আটক

আর জে রাফি, উখিয়া:: কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ রোহিঙ্গাকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। এ সময় দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাইফুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার টিএন্ডটি গুচ্ছগ্রাম এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে তিন পুরুষ ও দুই নারী রোহিঙ্গাকে উদ্ধার করে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া ব্যক্তিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।