কক্সবাজার জেলা ছাত্রদলের নেতৃত্বে ফাহিম-সাঈদ; আল্লাহকে বিচার দিলেন বঞ্চিতরা

আহসান সুমন :: বহু জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কিছু পদ উল্লেখ করে নতুন আংশিক কমিটি ঘোষনা দিয়েছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক সাক্ষরে অনুমোদিত এই কমিটিতে ফাহিমুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ হোসেন মাদু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জাহেদ নুর জিতুকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফ ইমরান। কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুনের কমিটি অনুমোদন দেয়া হয়। একইপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেয় কেন্দ্র। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেয়ার কথা জানান নবঘোষিত সভাপতি ফাহিমুর রহমান। একইভাবে এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া উল্লেখ করে রাজপথের ত্যাগী ও পরিক্ষীত নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার। নেতৃবৃন্দ সকলের দোয়া এবং সাংগঠনিক সহযোগিতা কামনা করেন। তবে এতোসব খুশির খবরের মাঝে কিছুটা বিরহও লুকিয়ে আছে। দীর্ঘ প্রতিক্ষার এই কমিটি ঘোষনা হওয়ার পরপরই হতাশার মেঘে ঢেকে গেছে বেশকিছু ত্যাগী নেতাকর্মীর নেতৃত্বে আসার স্বপ্ন। তাদের মধ্যে অনেক পদ প্রত্যাশী নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে "আল্লাহকে দিলাম" বলে স্ট্যাটাস দিতেও দেখা যায়। অন্যদিকে দীর্ঘদিন অপেক্ষায় থাকা পদ বঞ্চিতদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছেন, "বিদায় ছাত্রদল"। আবার অন্য ঘরনার ছাত্র রাজনীতির নেতারা লিখছেন, নতুন কমিটিতে সদরের এমপি লুৎফুর রহমান কাজল সমর্থিত ছাত্রদল নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। সব মিলিয়ে জেলা ছাত্রদলের এই কমিটি নানা বিতর্কের জন্ম দিয়েছে কক্সবাজারের ছাত্র রাজনীতিতে। চায়ের কাপেও ওঠেছে নতুন ঝড়।