রামুতে বন্য হাতির আক্রমণে মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
Saturday, May 02, 2026
তানিম হোসেন ইমন,রামু::
কক্সবাজারের রামুতে লোকালয়ে ঢুকে পড়া বন্য হাতির আক্রমণে মা ও তাঁর দুই বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে আড়াইটার মধ্যে রামু থানাধীন ৯নং খুনিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ খুনিয়া পালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার রহমত উল্লাহর ছেলে একরামের স্ত্রী ছেনোয়ারা বেগম (২৪) এবং তাঁর শিশু কন্যা আছমা বিবি
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দক্ষিণ খুনিয়া পালং এলাকায় পাহাড়ের ঢালে বনবিভাগের জায়গায় অবস্থিত একরামের বসতবাড়িতে একদল বন্য হাতি হানা দেয়। হাতির দলটি প্রথমে বাড়ির আশপাশের ফলদ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। একপর্যায়ে বন্য হাতির দলটি একরামের বসতঘরে আক্রমণ চালায়।
প্রাণ বাঁচাতে ছেনোয়ারা বেগম তাঁর দুই বছরের শিশু কন্যা আছমা বিবিকে নিয়ে অন্ধকারেই ঘর থেকে পালানোর চেষ্টা করেন। এসময় হাতির দলটি তাদের সামনে পেয়ে যায় এবং এলোপাতাড়ি আক্রমণ শুরু করে। হাতির আঘাতে ছেনোয়ারা ও শিশু আছমার মাথা, মুখমন্ডল ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
হাতির আক্রমণের সময় আশপাশের লোকজন চিৎকার ও হৈচৈ শুরু করলে হাতির দলটি পুনরায় বনের দিকে ফিরে যায়। পরে গ্রামবাসীরা এগিয়ে এলেও ভিকটিমদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সংবাদ পেয়ে রামু থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
"গভীর রাতে বন্য হাতির আক্রমণে একই পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
বনাঞ্চল সংকুচিত হওয়ায় প্রায়শই বন্য হাতির দল লোকালয়ে চলে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


