উখিয়ায় ধানের পোকামাকড় দমন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Sunday, May 03, 2026
শফিউল শাহীন, কক্সটিভি (কক্সবাজার):
নিরাপদ ফসল ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকায় ধানের সমন্বিত পোকামাকড় দমন ব্যবস্থাপনা (আইপিএম) শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণের অর্থায়ন করে পার্টনার প্রকল্প, ব্রি গাজীপুর। সহযোগিতায় ছিল ব্রি আঞ্চলিক কার্যালয়, কক্সবাজার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উখিয়া। প্রশিক্ষণটি বাস্তবায়ন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের কীটতত্ত্ব বিভাগ।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রি গাজীপুর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজমুল বারী।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্রি গাজীপুর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন, কক্সবাজারের প্রামাণিক- উপ পরিচালক ডঃ বিমল কুমার, কক্সবাজার ব্রি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার কামনাশিস সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ।
প্রশিক্ষণে ধানের ক্ষতিকর পোকামাকড় শনাক্তকরণ, পরিবেশবান্ধব দমন পদ্ধতি, কীটনাশকের সঠিক ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার শত শত কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান বাড়াবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।




