বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সরকার-এমপি কাজল

তাজুল ইসলাম পলাশ, অতিথি প্রতিবেদক :: “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে, 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম'। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়। রোববার (১৪ জুন) সকাল ১০ টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজেের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। প্রতিযোগিতায় খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন ধরনের স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন—যা উপস্থিত সুধীজনের ব্যাপক প্রশংসা অর্জন করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, ”আজকের খুদে বিজ্ঞানীদের চমৎকার উদ্ভাবনী চিন্তা দেখে আমি অভিভূত। তরুণদের এই মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।” তিনি আরও বলেছেন,“বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর চিন্তাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তরুণদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিভাবে স্টার্টআপ শুরু করা যায়, সে বিষয়ে তরুণদের উৎসাহিত করেন এমপি কাজল। এ বিষয়ে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে কথা বলবে বলে জানান।” উদ্বোধনের মধ্যদিয়ে মেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনিম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, অধ্যক্ষ লে.কর্নেল মো: আবদুর রহিম, অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ মো: সৈয়দ করিম, বিচারক ড.মো: আশরাফুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সৌরভ চক্রবর্তী, জেলা আইসিটি কর্মকর্তা, মো: নাজমুল হাসান নাঈম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া উপস্থাপনকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।