No title
Monday, June 22, 2026
কক্সটিভি নিউজ ডেস্ক ::
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর সেঁজুতি রাণী (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকার ফালু চন্দ্র মালোর মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন উপজেলা পরিষদ পুকুরে সেঁজুতির মরদেহ ভাসতে দেখে পুলিশেকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পরিবারের একাধিক সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে । যেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
নিহত সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালোর বলেন, আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রেখেছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে সখীপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।



