উখিয়ার কোটবাজারের পরিচিত চিকিৎসক ডাঃ দিদারুল আলম আর নেই, আগামীকাল সকাল ১০টায় জানাজা

আর.জে রাফি, উখিয়া:: কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারের পরিচিত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দিদারুল আলম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কোটবাজারসহ পুরো উখিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, কয়েকদিন আগে নিজ বাসায় মই থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হলে অস্ত্রোপচারের পর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কোটবাজারে চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন ডাঃ দিদারুল আলম। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১০টায় ডরহামুরা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ডরহামুরা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।