ঈদগাঁওতে ব্যস্ত সময় পার করলেন এমপি কাজল; ত্রাণ সামগ্রী, স্কুলে চারা বিতরণ ও নদীভাঙন এলাকা পরিদর্শন
Wednesday, July 29, 2026
সংবাদ বিজ্ঞপ্তি ::
সম্প্রতি প্রবল বন্যায় ঈদগাও ও ঈদগড়
এলাকায় নদীর ভয়াবহ ভাঙন স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় তিনি ঝুঁকিপূর্ণ স্থানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ড্রেজিংয়ের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় তিনি
ঈদগাও ইউনিয়নের ভোমরিয়ারঘোনা এলাকার ক্ষতিগ্রস্ত ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং সিসি ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন।
লুৎফুর রহমান কাজল বলেছেন, কক্সবাজারে বহু এলাকা দীর্ঘদিন ধরে ভাঙন অবস্থায় পড়ে থাকলেও স্থায়ী সমাধান হয়নি। সামনে একনেক সভায় নদীভাঙন রোধে বড় ধরনের বরাদ্দ পাওয়ার আশা করছি। তাই যদি হয়, ভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
শুধু ত্রাণ নয়, বরং নদী খনন ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পরে ঈদগড় ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতেও দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন এমপি কাজল।
একইদিন ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়, গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন ও কচ্ছপিয়া গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ৯ হাজার ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়েছেন।
এসময় তিনি বলেছেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী বৃক্ষ রোপনের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। বর্ষার ভিতরে কক্সবাজার, সদর, রামু ও ঈদগাঁও উপজেলায় দশ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে বলে জানান তিনি। গত তিন দিনে রামু উপজেলার বিভিন্ন স্কুলে ৫০ হাজারের মত গাছের চারা বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণের কথা রয়েছে এমপি কাজলের।




