স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে

কক্সটিভি প্রতিবেদক গাজীপুরের কালিয়াকৈরের বাসিন্দা মিরাজুল ইসলাম রাসেল। ১০ বছর আগে বিয়ে করেছিলেন সম্পা আক্তার আরিফাকে। কিন্তু বিদেশ গিয়ে অনলাইন জুয়ায় আসক্ত হন ওই তরুণ। মাসখানেক আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে এসেও খেলতে থাকেন জুয়া। এ নিয়ে স্ত্রীর সঙ্গে শুরু হয় কলহ। সেই কলহে স্ত্রীকে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পালানোর চেষ্টা করেন সিঙ্গাপুর। তবে ইমিগ্রেশন পুলিশ রোববার (১৯ জুলাই) দুপুরে রাসেলকে গ্রেপ্তার করে। এর আগে গত শনিবার ভোরে কালিয়াকৈরের সফিপুর আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফ্ল্যাট থেকে আরিফার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আরিফার স্বজনরা বলছেন, আরিফা তার স্বামীকে জুয়া খেলতে বাধা দেন। এ নিয়ে মাঝেমধ্যেই স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চলত। গত শুক্রবার রাতে ফের বাধা দিলে রাসেল আরিফাকে মারধর করেন। একপর্যায়ে মারা গেলে অন্য স্বজনদের সহায়তায় তাকে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যার নাটক সাজানো হয়। ওই ঘটনায় থানায় মামলা করলে রাসেল সিঙ্গাপুর পালানোর চেষ্টা করছিল। কালিয়াকৈর থানার ওসি মো. সহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আসামি রাসেল বিদেশে পালানোর চেষ্টা করছিল। এর আগেই তারা ইমিগ্রেশনে তার বিদেশযাত্রা ঠেকাতে আবেদন করেন। তবে রোববার দুপুরে ওই আসামি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে পালানোর চেষ্টা করে। সে ইমিগ্রেশনে যেতে তাকে গ্রেপ্তার করা হয়।