উখিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী

শফিউল শাহীন, কক্সটিভি:: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে উখিয়া কলেজে এক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার এবং উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহআলম। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত সবাই পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করেন।