প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি না এখনো সিদ্ধান্ত হয়নি : খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক:: আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকসে দাওয়াত না দিয়ে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা। সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন‌্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এমনটাই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকসে ‘প্রধানমন্ত্রী’কে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে ‘চেয়ারপাসন অব বিমসটেক’কে। এই পার্থক্যটা আপনারা বোঝবার চেষ্টা করেন। এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল, সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ একটি আছে, সেটা আমরা দেখব। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে আজকে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।