দুর্দান্ত খেলেও টেকনাফের কাছে ১-০ গোলে হেরে পেকুয়ার বিদায়

জেলা খেলোয়াড় সমিতি আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক:: টানটান উত্তেজনা আর আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তাপ। পুরো গ্যালারীজুড়ে ছিল দর্শকদের উন্মাদনা। দুই দলের খেলা জমে উঠেছিল এভাবেই। শনিবার (২২ আগস্ট) বিকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মুখোমুখি হয় শক্তিশালী টেকনাফ ও পেকুয়া। জেলা খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এটি ছিল দ্বিতীয় ম্যাচ। ম্যাচে দুর্দান্ত খেলেও ১-০ গোলে টেকনাফের কাছে হেরে বিদায় নেয় পেকুয়া। খেলা শুরু হওয়ার আগেভাগেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্যালারী কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিভাবান তরুণ খেলোয়াড় নিয়ে মাঠে নেমে বেশ চমক দেখায় পেকুয়া। কিন্তু ডিসি গোল্ডকাপের ফাইনালিস্ট টেকনাফের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ছিল প্রবল। খেলা প্রথমার্ধে দুদলই নৈপুণ্য দেখিয়েছে মাঠজুড়ে। একের পর এক পাল্টাপাল্টি আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। তবে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আবারও মাঠে নেমে নিজেদের কৌশলগত দক্ষতা দেখিয়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুদলই। তবে খেলার ৫৮ মিনিটে দুর্দান্ত একটি শটে প্রতিপক্ষের জালে বলা পাঠায় টেকনাফের রবিন। গোল হজম করে খেলায় সমতা ফেরাতে শত চেষ্টা করে পেকুয়া। কিন্তু রেফারির শেষ বাঁশি পর্যন্ত তাদের কোন সুযোগই কাজে আসেনি। আর এতে ১-০ গোলেই জয়ের স্বাদ মিলে টেকনাফের। খেলা শেষে টেকনাফ দলের টিম ম্যানেজার জিয়াউর রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ছৈয়দ আলম বলেন, “জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টায় টেকনাফবাসীর মুখে হাসি ফুটিয়েছে। তবে ইনজুরির কারনে ছিটকে পড়া টেকনাফ দলের অন্যতম তারকা কায়সারের অভাব ভুগিয়েছে দলকে। আমাদের নজর শিরোপার প্রতি। শিরোপা নিয়েই আমরা থামবো।” পেকুয়া দলের টিম ম্যানেজার কামরান জাদিক মুকুট বলেন, “আমাদের ছেলেরা ভালো খেলেছে। মাঠে নিজের সর্বোচ্চটা দিয়েছে। হারলেও আমরা সন্তুষ্ট। আমাদের তরুণ প্রতিভাবান খেলোয়াড়েরা অন্যবারের তুলনায় দুর্দান্ত পারফরম্যান্স করেছে। জেলা খেলোয়াড় সমিতির সমিতির সভাপতি এম. জাহেদ উল্লাহ বলেন, “দীর্ঘদিন পর স্টেডিয়ামে উন্মাদনার রং ছড়াচ্ছে। এমন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। যারা জাতীয় পর্যায় খেলে কক্সবাজারের সুনাম সমৃদ্ধ করবে।” আগামী সোমবার টুর্নামেন্টে ৩য় ও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রামু ও মহেশখালী।