নিজ বসতঘরের বিছানায় পড়েছিল নার্সের মরদেহ!

জামালপুর শহরের চালাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকসানা আক্তার শিলা শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিলার বসতঘরের ভেতরে থেকে দরজা বন্ধ ছিল। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে বিছানায় শুয়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। উদ্ধার অভিযানে থাকা পুলিশের এক সদস্য জানান, তার মুখমন্ডল স্বাভাবিক দেখা যায়নি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।