তানিম হোসেন ইমন, রামু::
কক্সবাজারের রামু থানার কতিপয় উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঢুকে মোটরসাইকেল চালকদের হয়রানি এবং মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় বাইকার ও ভুক্তভোগীদের দাবি, কাগজপত্র যাচাইয়ের নামে গ্রাম থেকে মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামু উপজেলার বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে পুলিশের কিছু সদস্য নিয়মিত অভিযান চালাচ্ছেন। এসব অভিযানে মূলত স্থানীয় মোটরসাইকেল চালকদের টার্গেট করা হচ্ছে। কাগজপত্র যাচাইয়ের অজুহাতে গ্রামাঞ্চল থেকে বাইকগুলো আটক করে সরাসরি রামু থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, থানায় নেওয়ার পর ভুক্তভোগীদের বিরুদ্ধে বড় ধরনের মামলা দেওয়া কিংবা মোটরসাইকেলটি ‘ডাম্পিং’-এ (আটক রেখে স্থায়ীভাবে জব্দ করা) পাঠানোর ভয় দেখানো হয়। এই আতঙ্ক সৃষ্টি করে চালকদের কাছ থেকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, গ্রামের ভেতরে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এই হয়রানির শিকার হচ্ছেন বেশি। মামলার ঝামেলা এড়াতে বাধ্য হয়েই অনেকে দাবিকৃত টাকা দিয়ে মোটরসাইকেল ছাড়িয়ে আনছেন।
ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি থানার কিছু কর্মকর্তার এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে বক্তব্য জানতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে ভুক্তভোগী এলাকাবাসী বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



