কুতুপালংয়ে মেয়ের বিয়েতে লাখ টাকার ব্যতিক্রমী তোরণ, নজর কাড়ছে পথচারীদের

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পাশে উখিয়ার কুতুপালং এলাকায় মেয়ের বিয়েতে ব্যতিক্রমী একটি তোরণ তৈরি করেছেন স্থানীয় ডেকোরেশন ব্যবসায়ী নুরুল হাকিম ওরফে ‘ডেকোরেশন নুরু’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার মেয়ে সাজিয়া আফ্রিন তানিয়ার বিয়ে। এ উপলক্ষে প্রায় এক লাখ টাকা ব্যয়ে নিজের ব্যবসার ডেকোরেশন সামগ্রী ও দক্ষতা কাজে লাগিয়ে তোরণটি তৈরি করেছেন তিনি। টানা সাত দিনের শ্রমে তৈরি তোরণটি বাহারি সাজসজ্জা ও আলোকসজ্জায় পথচারীদের নজর কাড়ছে। নুরুল হাকিম বলেন, “ডেকোরেশন আমার পেশা। মেয়ের বিয়েতে এমন কিছু করতে চেয়েছি, যেন সে মানুষের দোয়া পায় এবং সুখী হয়।” তোরণটির ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে তোরণটি খুলে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।