নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Friday, September 18, 2026
কক্সটিভি ডেস্ক ::
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিসিয়াল ফেসবুক পেজে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও ভারতীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনে জানাই অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সবসময় সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল বজায় থাকুক—এই কামনা করি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়।
তারেক রহমানের শুভেচ্ছার জবাবও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানের বার্তাটি নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মোদি লেখেন, ‘আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি তার ৭৬তম জন্মদিন পালন করেন। ২০১৪ সালের মে মাস থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই শুভেচ্ছা বিনিময় বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটেও গুরুত্ব পেয়েছে।



