উখিয়ার কোটবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, চার হোটেলকে ২ লাখ টাকা জরিমানা আল মদিনা, শাহ জব্বারিয়া, ইনসাফ ও শাহ মজিয়া হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমানা

কক্সটিভি প্রতিনিধি, উখিয়া:: কক্সবাজারের উখিয়ার কোটবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে চারটি হোটেলকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোটবাজার স্টেশনে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে আল মদিনা হোটেল, শাহ জব্বারিয়া হোটেল, ইসাফ হোটেল ও শাহ মজিয়া হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জেলা খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। অভিযানকালে হোটেলগুলোর রান্নাঘর, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণস্থল পরিদর্শন করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও খাদ্য নিরাপত্তা বিধি না মানার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।