ঢাকা-কক্সবাজার রুটে অক্টোবরে যুক্ত হচ্ছে নতুন একজোড়া ট্রেন

কক্সটিভি প্রতিবেদক::: ঢাকা-চট্টগ্রাম রুটে চ০লাচলরত মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ট্রেনটি নতুন রুটে চলাচল শুরু করতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টায়। ফিরতি পথে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে সকাল ৯টায়। একদিকে যাত্রায় সময় লাগবে প্রায় সাড়ে ৯ ঘণ্টা। বর্তমানে মহানগর এক্সপ্রেস কমলাপুর থেকে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছায় রাত সাড়ে ৩টায়। পথে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, ফেনীসহ ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হলে এসব এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে পর্যটন শহরটিতে যাওয়ার সুযোগ পাবেন। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দুই জোড়া এবং চট্টগ্রাম থেকে দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে।