রামু সরকারি কলেজের ফেসবুক পেজে কমেন্ট বন্ধ: অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সভাপতির স্ট্যাটাস
Monday, September 14, 2026
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু সরকারি কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট সেকশন বন্ধ রাখার ঘটনাকে কেন্দ্র করে কলেজের ফলাফল তৈরিতে অনিয়ম ও আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ তুলেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। পোস্টে মোহাম্মদ কায়েস লেখেন, কলেজের পেজের কমেন্ট বন্ধ করা হয়েছে কেন? টাকা খেয়ে ইচ্ছেমতো রেজাল্ট দেওয়ার তথ্য বের হয়ে যাবে বলে মনে হয়।
ছাত্রদল নেতার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের একাংশের দাবি, পেজের কমেন্ট অপশন বন্ধ থাকায় তারা মতামত কিংবা সমস্যার কথা জানাতে পারছেন না। দ্রুত বিষয়টি তদন্ত করে ফলাফল প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং পেজের মন্তব্য করার সুবিধা চালুর দাবি জানিয়েছেন তারা।



