কক্সবাজারে 'ইউবেস্ট' বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রীর আধা-সরকারি পত্র।
Monday, September 14, 2026
কক্সটিভি প্রতিবেদক:::
বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিশাল সামুদ্রিক সম্পদকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে কক্সবাজারে একটি নতুন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম "University of Blue Economy Sciences and Technology" (UBEST) বা 'ইউবেস্ট'।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি আধা-সরকারি পত্র (DO Letter) প্রেরণ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা, উন্নত গবেষণা ও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এই শূন্যতা পূরণে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।একটি সম্পূর্ণ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই চিঠিতে একটি বাস্তবসম্মত বিকল্প প্রস্তাব করা হয়েছে।
কক্সবাজারে অবস্থিত বর্তমান Bangladesh Oceanographic Research Institute (BORI) বা বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, বৈজ্ঞানিক জনবল ও গবেষণার সুযোগ-সুবিধা ব্যবহার করে 'ইউবেস্ট'-এর প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই খুব কম সময়ে একটি গবেষণামুখী ও ব্যবহারিক বিশ্ববিদ্যালয় চালু করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়টিতে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য (Data), এবং পর্যটন ও হসপিটালিটি-সংক্রান্ত বিষয়ে পাঠদান, গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগ থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে প্রধানমন্ত্রীকে জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দেশের ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে। চিঠির শেষাংশে তিনি কক্সবাজারে BORI-এর সুবিধার ওপর ভিত্তি করে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর সানুগ্ৰহ সম্মতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানিয়েছেন।



