জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার
Monday, September 28, 2026
আর.জে রাফি, কক্সটিভির প্রতিবেদক ::
জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয় (৬৪ বিজিবি)
হ্নীলা সীমান্তের মেজরের ঘের এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে উনচিপ্রাং বিওপি’র একটি টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে মাথায় মাছের ক্যারেট নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে ক্যারেটটি ফেলে দ্রুত পাশের গ্রামে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই ক্যারেটে তল্লাশি চালিয়ে ২০টি প্যাকেটে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



