উখিয়ায় পাহাড়ের মাটিভর্তি ডাম্পার জব্দ

আর.জে রাফি, কক্সটিভি উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া রেঞ্জের আওতাধীন কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, কুতুপালং এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করা হচ্ছে—এমন খবর পেয়ে উখিয়া রেঞ্জের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাহাড়ের মাটি বহনকারী একটি ডাম্পার ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। তবে বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনভূমি ও পাহাড় রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” বনবিভাগ জানিয়েছে, সরকারি বনভূমি ও পাহাড়ের পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।